ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের শহীদ মিনার অবস্থান
নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য স্বাস্থ্য সহকারীরা শনিবার (২৯ নভেম্বর) সকাল থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে দিনব্যাপী শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন। এই কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন। দেশের ৬৪ জেলা থেকে হাজার হাজার স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শকরা ব্যানার, ফেষ্টুন ও মনিপাতা নিয়ে অংশগ্রহণ করেছেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া স্বাস্থ্য সহকারী সাদেকুর রশিদ কিরন বলেন, “আমরা সরকারি ছুটি ব্যতীত সারা মাস মাঠ পর্যায়ে মা ও শিশুর রেজিস্ট্রেশন ও টিকা প্রদান করি। তৃণমুল পর্যায়ের স্বাস্থ্য সহকারীদের এই পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের রোল মডেল হয়ে উঠেছে। আমাদের পদ ও বেতন নিয়ে দীর্ঘ ২৭ বছর বৈষম্য চলে আসছে।”
সহকারী স্বাস্থ্য পরিদর্শক মনির হোসেন জানান, “দীর্ঘ ২০ বছর পর পদোন্নতি পেলেও বেতন বাড়েনি। পদায়নও অন্য জেলায় করা হয়েছে। এমন বৈষম্যের মুখোমুখি আমরা একমাত্র স্বাস্থ্য সহকারীরা।” স্বাস্থ্য পরিদর্শক আবু কালাম বলেন, “একজন স্বাস্থ্য সহকারীকে বর্তমানে ২০-৩০ হাজার জনগোষ্ঠির জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী সেখানে ৫-৬ জন থাকা উচিত।”
হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয়ক ওয়াসি উদ্দিন রানা জানান, ১৯৯৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী তাদের বেতন বৈষম্য ও টেকনিক্যাল পদমর্যাদা বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন। এরপরেও ২৭ বছর পার হলেও কোনো বাস্তব অগ্রগতি দেখা যায়নি। ২০১৬, ২০১৭, ২০২০ এবং ২০২৫ সালে করা প্রতিশ্রুতিগুলোও বাস্তবায়িত হয়নি।
স্বাস্থ্য সহকারীরা পুনরায় দাবি করেছেন, তাদের দীর্ঘদিনের এই ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হোক।






আপনার মতামত লিখুন