মঙ্গলবার থেকে মেট্রোরেল কার্ড রিচার্জ ঘরে বসেই
মেট্রোরেল যাত্রীদের ভ্রমণ আরও সহজ করতে প্রথমবারের মতো অনলাইনে কার্ড রিচার্জ সেবা চালু করতে যাচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কর্তৃপক্ষ (ডিএমটিসিএল)। আগামীকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে র্যাপিড পাস ও এমআরটি পাস অনলাইনে রিচার্জ করা যাবে, ফলে স্টেশনের লাইনে দাঁড়ানোর ঝামেলা দূর হবে।
মঙ্গলবার সকাল পৌনে ১১টায় আগারগাঁও মেট্রোস্টেশনে এই নতুন সেবার উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী।
এখন থেকে যাত্রীরা ঘরে বসেই ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ যেকোনো অনলাইন পেমেন্ট পদ্ধতিতে কার্ড রিচার্জ করতে পারবেন। এজন্য ডিটিসিএ একটি সহজ প্রক্রিয়া নির্ধারণ করেছে—ওয়েবসাইট বা অ্যাপে নিবন্ধন করে লগইন করতে হবে, কার্ড নির্বাচন করে অনলাইন পেমেন্ট সম্পন্ন করতে হবে। পেমেন্ট সফল হলে স্টেশনে নতুন স্থাপন করা এভিএম যন্ত্রে কার্ড স্পর্শ করলেই রিচার্জ কার্যকর হবে।
নীতিমালায় বলা হয়েছে, অনলাইন পেমেন্টে অতিরিক্ত গেটওয়ে চার্জ প্রযোজ্য হবে। রিচার্জ করা টাকা ‘অপেক্ষমাণ’ অবস্থায় তিন মাস পর্যন্ত বৈধ থাকবে। এ সময়ে কার্ড এভিএম যন্ত্রে স্পর্শ না করলে টাকা স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্টে ফেরত যাবে, তবে ১০ শতাংশ সার্ভিস ফি কাটা হবে। গ্রাহক চাইলে সাত দিনের মধ্যে রিফান্ড নিতে পারবেন, সেক্ষেত্রেও একই হারে চার্জ প্রযোজ্য হবে।
ডিটিসিএ সূত্র জানায়, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনে মোট ৩২টি এভিএম যন্ত্র বসানোর কাজ শুরু হয়েছে। অনলাইন রিচার্জের তথ্য সফটওয়্যারে সংরক্ষণ হওয়ায় সাধারণ গেটে টাচ করলে তা দেখা যাবে না, তাই নতুন যন্ত্রে কার্ড আপডেট করে নিতে হবে।
বর্তমানে মেট্রোরেলের মোট যাত্রীর ৫৫ শতাংশ এমআরটি বা র্যাপিড পাস ব্যবহার করেন এবং এই কার্ডে রয়েছে ১০ শতাংশ ছাড়ের সুবিধা। প্রতিদিন প্রায় ৪ লাখ ৭৫ হাজার যাত্রী মেট্রোরেলে চলাচল করেন। আগামী মাসে ট্রেনের বিরতির সময় দুই মিনিট কমানোর পরিকল্পনা রয়েছে, যা যাত্রীসংখ্যা আরও বাড়াবে বলে আশা করছে কর্তৃপক্ষ।






আপনার মতামত লিখুন