প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন এটিএম আজহার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও রংপুর-২ আসনের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম অভিযোগ করেছেন, নির্বাচনকে ঘিরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবির পরও প্রশাসনের একটি অংশ এখনো বিশেষ দলের পক্ষে কাজ করছে। তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন অব্যাহত থাকলে সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে বদরগঞ্জের সাহাপুর মাঠ থেকে দাঁড়িপাল্লার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সব রাজনৈতিক দলই গণভোটে সম্মত হয়েছি। তাহলে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করা যাবে না কেন? আগেই হলে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে।” তিনি পুনরায় দাবি জানান— জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করতে হবে।
এটিএম আজহার আরও বলেন, দুর্নীতিমুক্তভাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে বলেই নির্বাচিত হলেও একই ধারায় কাজ চালিয়ে যেতে চান। তিনি অঙ্গীকার করে বলেন, সরকারি বরাদ্দের একটি টাকাও ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করবেন না। “আমার বিজয় হবে দৃশ্যমান, আমার কাছাকাছি কেউ আসতে পারবে না ইনশাআল্লাহ।”
তিনি জানান, নির্বাচিত হলে এলাকার অসম্পূর্ণ রাস্তাঘাটের কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেবেন। পাশাপাশি যেসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির বাইরে রয়েছে, সেগুলোর সমস্যাও অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করবেন।
বন্ধ থাকা শ্যামপুর সুগার মিল পুনরায় চালুর ইচ্ছাও প্রকাশ করেন তিনি। তার মতে, শিল্পমন্ত্রীর দায়িত্ব শেষে দুর্নীতি ও জটিলতার কারণে মিলটি বন্ধ হয়ে গেছে। আইনি বাধা না থাকলে নির্বাচনের পর মিলটি চালুর উদ্যোগ নেওয়া হবে, যাতে স্থানীয়দের কর্মসংস্থান নিশ্চিত হয়।
স্বাস্থ্যখাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বদরগঞ্জ ও তারাগঞ্জের হাসপাতালগুলো আধুনিকায়ন করে সুলভ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা হবে।
তিনি আরও জানান, গত সাড়ে তিন মাস ধরে বিভিন্ন এলাকায় ব্যাপক জনসমর্থন পাচ্ছেন। তরুণ প্রজন্মসহ সব শ্রেণির মানুষ তার পাশে আছে। ভোটের পরিবেশও খুবই অনুকূল বলে মন্তব্য করেন তিনি।
প্রায় চার হাজার মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি বদরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে সাহাপুর মাঠে এসে শেষ হয়।






আপনার মতামত লিখুন