ড. মিজানুর রহমান আজহারিকে মনোনয়ন দেওয়ার খবর গুজব
নিশ্চিত করলো জামায়াত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে— ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনে জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন। খবরটি ছড়িয়ে পড়ার পর অনলাইনে ব্যাপক আলোচনা তৈরি হলেও, এটি সম্পূর্ণ অসত্য বলে জানিয়েছে জামায়াতের একাধিক দায়িত্বশীল নেতা।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং দলের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বলেন, আজহারিকে মনোনয়ন দেওয়ার খবর পুরোপুরি গুজব। এমন কোনো সিদ্ধান্ত দলের নেই এবং বিষয়টির সম্ভাবনাও নেই বলে তিনি নিশ্চিত করেন।
তিনি আরো বলেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুয়া তথ্য নিয়ে সতর্ক থাকতে হবে এবং যাচাইবাছাই ছাড়া রাজনৈতিক প্রার্থিতা সংক্রান্ত কোনো খবরে বিশ্বাস না করার আহ্বান জানায় জামায়াতে ইসলামী।
এদিকে সামাজিক মাধ্যমে দুপুর থেকেই বিভিন্ন পোস্ট ও অনানুষ্ঠানিক প্রচারের ভিত্তিতে অনেকে বিষয়টিকে সত্য ধরে নিয়ে আজহারিকে অভিনন্দন জানাতে শুরু করেন। তবে এখন পর্যন্ত এই গুজব নিয়ে ড. মিজানুর রহমান আজহারির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ঢাকা-৫ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা হিসেবে বিবেচিত।






আপনার মতামত লিখুন