নির্বাচনকে ঘিরে আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্ত
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ
আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আনসার বাহিনীর সক্ষমতা বাড়াতে ১৭ হাজার নতুন শটগান কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের অর্থউপদেষ্টা কমিটি। মঙ্গলবার (১৮ নভেম্বর) বৈঠক শেষে সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, আনসার বাহিনীর ব্যবহৃত অনেক অস্ত্র পুরোনো হয়ে যাওয়ায় সেগুলো পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাই আধুনিক সরঞ্জাম দিয়ে তাদের শক্তিশালী করতে নতুন শটগান কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
আগের সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রে ৪০ হাজার বডি-অন ক্যামেরা কেনার পরিকল্পনা থাকলেও এখন আর তা হচ্ছে না। বরং ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে সীমিত পরিসরে বডি-অন ক্যামেরা ব্যবহার করা হবে—এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি আরও জানান, ইসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয় করে ক্যামেরা ব্যবহারের বিষয়টি চূড়ান্ত করবে।
এ ছাড়া চাহিদা বাড়ায় আরও এক কোটি ই-পাসপোর্ট বই ক্রয়ের অনুমোদন এবং টিকার সংকট মোকাবিলায় ইপিআই টিকা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোজার আগেই বাজারে স্থিতিশীলতা আনতে খাদ্যপণ্যের আমদানি বাড়ানো হবে বলেও উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। তার ভাষায়, “চাল-গমসহ প্রয়োজনীয় পণ্য আগেভাগে আনা হবে। এলসি খোলায় বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় ভূমিকা রাখছে, যা রোজার বাজারে দাম নিয়ন্ত্রণে সহায়ক হবে।”






আপনার মতামত লিখুন