ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ৯ দফা প্রস্তাবনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে ৯ দফা বিশেষ প্রস্তাবনা দিয়েছে। রোববার (১৬ নভেম্বর) ইসি কার্যালয়ে অনুষ্ঠিত সংলাপে দলটির চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী এবং মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবাইর নেতৃত্ব দেন।
সংলাপে নেতারা বলেন, গণতান্ত্রিক সংস্কৃতির মূল চালিকাশক্তি হলো নির্বাচন। তবে কয়েকটি রাজনৈতিক পক্ষের উগ্র মনোভাব নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল করে তুলতে পারে। তাই সব রাজনৈতিক দলের পারস্পরিক ঐকমত্যের মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা জরুরি।
দলের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহিম আখতারি বলেন, ‘আমরা নির্বাচনের অবাধতা, সুষ্ঠুতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করতে ৯ দফা প্রস্তাবনা কমিশনের কাছে উপস্থাপন করেছি। জাতি একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য মুখিয়ে আছে।’
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ৯ দফা প্রস্তাবনায় অন্তর্ভুক্ত রয়েছে—
ফেব্রুয়ারি ২৬ তারিখে নির্বাচন আয়োজন
চার ধাপে পৃথকভাবে ভোট গ্রহণ
নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার
দুর্নীতিবাজ ও দণ্ডিতদের ভোটে অযোগ্য ঘোষণা
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা
প্রশাসনকে দলনিরপেক্ষভাবে পুনর্গঠন
কালো টাকার ব্যবহার প্রতিরোধ
প্রার্থীদের নিরাপত্তায় পুলিশ প্রটেকশন
ভোটকেন্দ্রে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ও সেনাবাহিনী নিয়োজিত রাখা
সংলাপের মাধ্যমে দলটি আশা প্রকাশ করেছে, এ প্রস্তাবনার মাধ্যমে আগামী নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ ও স্বচ্ছ হবে।






আপনার মতামত লিখুন