তারেক রহমান
গণভোটের নামে কোটি টাকা ব্যয় করার চেয়ে কৃষকদের সহায়তায় অর্থ ব্যবহার জরুরি
জাতীয় নির্বাচন ও গণভোট আলাদাভাবে আয়োজন করলে রাষ্ট্রের বিপুল অর্থ অপচয় হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের টাকায় গণভোট আয়োজনের পরিবর্তে কৃষি ও কৃষকদের বাঁচানোই এখন সময়ের দাবি।
বুধবার (১২ নভেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “গণভোটের আড়ালে পতিত ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা চলছে কি না, তা জনগণকেই ভেবে দেখতে হবে। কেউ বিএনপির বিজয় ঠেকাতে চাইলে, তারা নিজেরাই বিপর্যয়ের মুখে পড়বে।”
তিনি আরও বলেন, “গণভোটের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয় করার চেয়ে কৃষকদের সহায়তায় সেই অর্থ ব্যবহার করাই যুক্তিযুক্ত। আলুচাষি ও পেঁয়াজচাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের মনোযোগ থাকা উচিত, কারণ জনগণের টাকায় জনগণের উন্নয়নই মূল লক্ষ্য হওয়া উচিত।”
অন্তর্বর্তী সরকারের আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, “মাসের পর মাস রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনা হলেও জনগণের স্বার্থসংশ্লিষ্ট কোনো বিষয় আলোচনায় আসেনি। এটি দুর্ভাগ্যজনক।”
তিনি আরও বলেন, “যারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ন করেছিল, তারা আজ পরাজিত। আমাদের অঙ্গীকার—বাংলাদেশকে আর কেউ যেন একদলীয় শাসনের দিকে ঠেলে না দেয়।”
আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার এক গভীর ষড়যন্ত্র চলছে। এই সংকট থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”






আপনার মতামত লিখুন