আমার বক্তব্য ভুলভাবে প্রচার হয়েছে: মির্জা ফখরুলের বিবৃতি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে আওয়ামী লীগ প্রসঙ্গে তার বক্তব্য বিকৃত করে সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।
মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুরের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় অনুষ্ঠানে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা অত্যন্ত হতাশাজনক।
তিনি স্পষ্ট করে বলেন, তিনি প্রতিশোধমূলক রাজনীতির বিপক্ষে এবং আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করার পক্ষে নন। ওই ইউনিয়নে যদি কোনো হয়রানিমূলক মামলা হয়ে থাকে, তবে তা প্রত্যাহারের কথা তিনি উল্লেখ করেছেন। তবে সারাদেশে মামলা প্রত্যাহার বা ব্যাপক কোনো সিদ্ধান্ত নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি বলে জানান বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে ভুল ব্যাখ্যা করা এসব বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।






আপনার মতামত লিখুন