ইসলামাবাদে ভয়াবহ বোমা হামলা: নিহত ১২
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভয়াবহ এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত এবং ২১ জনের বেশি আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে আদালত ভবন সংলগ্ন কাচেহরি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, সকাল সাড়ে ৯টার দিকে ব্যস্ত আদালত এলাকার সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ভবনের কাচ ভেঙে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি আত্মঘাতী বোমা হামলা। বিস্ফোরণস্থলে আইনজীবী, সাধারণ মানুষ ও মামলার সংশ্লিষ্ট পক্ষের উপস্থিতি ছিল বলে নিশ্চিত করেছেন ইসলামাবাদ মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা।
ঘটনার পরপরই আদালত ভবন খালি করে দেওয়া হয় এবং সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, প্রধান কমিশনার ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন।
এছাড়া, উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে পাঠান। হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে।
তবে এখনো পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। এ ঘটনায় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, হামলার পেছনে কারা জড়িত তা উদঘাটনে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।






আপনার মতামত লিখুন