সেনাবাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বাড়ল
বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও সাড়ে তিন মাস বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
মঙ্গলবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, এই মেয়াদ বৃদ্ধির ফলে সেনাবাহিনী, কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রেষণে থাকা সমপদমর্যাদার কর্মকর্তারাও বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও বিশেষ দায়িত্ব পালনে প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করতে এই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
এর আগে গত ১১ সেপ্টেম্বর থেকে দুই মাসের জন্য এই ক্ষমতার মেয়াদ বাড়ানো হয়েছিল, যা শেষ হচ্ছে আজ মঙ্গলবার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মেয়াদ এখন বাড়ানো হলো আরও সাড়ে তিন মাসের জন্য।






আপনার মতামত লিখুন