গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে: হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “২৪ এর গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ এখন বাংলাদেশে অপ্রাসঙ্গিক একটি দল। জনগণের ম্যান্ডেটই এখন পরিবর্তনের প্রতীক।”
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে এনসিপির আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা দেখেছি, আওয়ামী লীগের কিছু সুবিধাভোগী ও ভাড়ায় খাটানো বুদ্ধিজীবী সবসময় তাদের অন্যায়ের বৈধতা দিতে কাজ করেছে। কিন্তু জনগণ এখন জেগে উঠেছে, তারা জানে আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না।”
তিনি আরও বলেন, “গত দুদিনের ঘটনাই প্রমাণ করেছে— আগুন, সন্ত্রাস ও জ্বালাও-পোড়াও রাজনীতির জন্মদাতা কারা। আওয়ামী লীগের পতন ভোটে নয়, বরং একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে ঘটেছে। এই অভ্যুত্থানই জনতার রায়।”
সংস্কারমুখী রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, “সংস্কারের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলো চাইলে আমরা জোটবদ্ধ হতে পারি। নির্বাচনে অংশ নিতে আগ্রহী সব দলকে স্বাগতম জানাই। আগামী নভেম্বরের প্রথম তিন সপ্তাহের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করব।”
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু, এবং জাতীয় যুবশক্তির সিনিয়র সহসভাপতি তুহিন খান প্রমুখ।






আপনার মতামত লিখুন