নভেম্বরের আট দিনে ৭৫ কোটি ডলারের রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা
চলতি নভেম্বরের প্রথম আট দিনেই প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। যা টাকায় প্রায় ৯ হাজার ১৯৮ কোটি ৮০ লাখ।
রবিবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, চলতি বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে ১২ কোটি ৬০ লাখ ডলার। গত বছরের নভেম্বরের প্রথম আট দিনে রেমিট্যান্স এসেছিল ৬২ কোটি ৮০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ৮ নভেম্বর পর্যন্ত মোট এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ বেশি। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই-৮ নভেম্বর) রেমিট্যান্স এসেছিল ৯৫৬ কোটি ৬০ লাখ ডলার।
অর্থবছরের মাসভিত্তিক প্রবাস আয়ের হিসাব অনুযায়ী, জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ এবং অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে রেমিট্যান্সপ্রবাহ সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারে পৌঁছায়, যা ওই অর্থবছরের রেকর্ড পরিমাণ। পুরো অর্থবছরে প্রবাস আয় ছিল ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার—পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।






আপনার মতামত লিখুন