খালেদা জিয়ার আসনে দাঁড়িপাল্লার বড় শোডাউন
ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিনের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকালে ফুলগাজীর বন্দুয়ার দৌলতপুর এলাকা থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি ছাগলনাইয়ার পাঠাননগর এলাকায় গিয়ে শেষ হয়। এতে কয়েক হাজার মোটরসাইকেল ও প্রাইভেটকার অংশ নেয়।
শোভাযাত্রায় দাঁড়িপাল্লা প্রতীকের ব্যানার, টি-শার্ট ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন হাজারো নেতাকর্মী ও সমর্থক।
স্থানীয়রা জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনী আসন হিসেবে পরিচিত এই এলাকায় জামায়াতের এমন বড় আয়োজন ভোটারদের মধ্যে উৎসাহ ও কৌতূহল তৈরি করেছে।
ফুলগাজী বাজারের ব্যবসায়ী আবুল কাশেম বলেন, “ফেনী-১ আসনে জামায়াতের এত সমর্থন আছে, ভাবিনি। সুষ্ঠু নির্বাচন হলে তাদের ভোট বাড়বে।”
অন্যদিকে ছাগলনাইয়ার ব্যবসায়ী সাইফুল বলেন, “এই শোভাযাত্রা অন্যান্য দলের জন্য সতর্কবার্তা। জামায়াতের এমন উপস্থিতি অনেকের জন্য অপ্রত্যাশিত।”
শোভাযাত্রায় ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান, জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্যবৃন্দ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসহ তিন উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মেয়র প্রার্থীরাও অংশ নেন।
এ বিষয়ে প্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন বলেন, “সকাল সাড়ে ৮টায় বন্দুয়া থেকে প্রায় সাড়ে তিন হাজার মোটরসাইকেল নিয়ে যাত্রা শুরু হয়। মানুষের উৎসাহ ছিল অভূতপূর্ব। ইনশাল্লাহ, সুষ্ঠু ভোট হলে ফেনী-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত।”






আপনার মতামত লিখুন