সোহরাওয়ার্দীতে গাঁজা বিক্রি করতে নিষেধ করায় খুন হন সাম্য
ঢাবি ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। পুরোনো ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা এসএম শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তদন্তে উঠে এসেছে, সোহরাওয়ার্দী উদ্যানে গাঁজা বিক্রিতে বাধা দেওয়ায় সাম্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
অভিযুক্ত সাতজন হলেন—মেহেদী হাসান, মো. রাব্বি ওরফে কবুতর রাব্বি, মো. রিপন ওরফে আকাশ, নাহিদ হাসান পাপেল, মো. হৃদয় ইসলাম, মো. হারুন অর রশিদ সোহাগ ওরফে লম্বু সোহাগ এবং মো. রবিন। ডিবি পুলিশের দাবি, এদের সবাই স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. আখতার মোর্শেদ গত বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতে অভিযোগপত্র জমা দেন। তিনি জানান, চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
অব্যাহতির তালিকায় রয়েছেন—তামিম হাওলাদার, সম্রাট মল্লিক, পলাশ সরদার ও সুজন সরকার।
উল্লেখ্য, গত ১৩ মে রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় সাম্য ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে রাত ১২টার দিকে বন্ধুরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০–১২ জনকে আসামি করে মামলা করেন। নিহত সাম্য ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের ছাত্র এবং এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন।






আপনার মতামত লিখুন