চট্টগ্রামে গণসংযোগে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ
চট্টগ্রামে গণসংযোগ চলাকালে বিএনপি নেতা ও চট্টগ্রাম-৮ আসনের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে শহরের পাঁচলাইশ থানার হামজার বাগ এলাকায় এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এ সময় কে বা কারা তাকে গুলি করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১০টিতে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। এতে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী বাদ পড়েছেন, ফলে বেশ কিছু নতুন মুখ এসেছে।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সোমবার (০৩ নভেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেন।
এর মধ্যে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন (চেয়ারম্যান); চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর; চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড)-এ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে চট্টগ্রাম বিভাগে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নাম ঘোষণা করা হয়।






আপনার মতামত লিখুন