জোট করলেও নিজ দলের ‘ট্রাক’ প্রতীকেই লড়বে গণঅধিকার পরিষদ: নূর
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণঅধিকার পরিষদ জানিয়েছে, তারা নির্বাচনি জোটে গেলেও নিজ দলের ‘ট্রাক’ প্রতীকেই নির্বাচন করবে।
দলটির সভাপতি নুরুল হক নূর মঙ্গলবার (৪ নভেম্বর) তার ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান।
নূর তার বার্তায় বলেন, “গণঅধিকার পরিষদ এখনো নির্বাচনি জোটের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে দেশের স্থিতিশীল রাজনীতি ও বৃহত্তর জাতীয় স্বার্থে যদি জোট হয়ও, আমাদের প্রার্থীরা নিজেদের প্রতীক ‘ট্রাক’ নিয়েই ভোটে অংশ নেবেন।”
তিনি আরও জানান, জনগণের অধিকার ও ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করাই গণঅধিকার পরিষদের মূল লক্ষ্য। এ জন্য তারা স্বাধীনভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে।
এর আগে সোমবার সন্ধ্যায় বিএনপি ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে। তবে ৬৩টি আসন ফাঁকা রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের আসনও।
রাজনৈতিক মহলে এই ঘোষণাকে সম্ভাব্য জোটের ইঙ্গিত হিসেবে দেখা হলেও, নূরের বক্তব্যে স্পষ্ট হয়েছে—গণঅধিকার পরিষদ নিজেদের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতেই আগ্রহী।






আপনার মতামত লিখুন