রাজনৈতিক সংকট সরকার নিজেরাই সৃষ্টি করেছে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা সরকারের নিজস্ব কর্মকাণ্ডের ফল। তাদের গঠিত কমিশন ও কমিটিগুলোর ব্যর্থতার কারণেই আজ নতুন করে সংকট সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে জাসদ (আ স ম রব)-এর আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, গত আট-নয় মাস ধরে ঐকমত্য কমিশনে সংস্কার ও প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, তবে কয়েকটি বিষয়ে সমঝোতায় পৌঁছানো যায়নি।
মির্জা ফখরুল বলেন, “আমরা নির্বাচনে অংশ নেব। আমাদের ইশতেহারে সংস্কারের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। জনগণ সুযোগ দিলে সংসদে গিয়ে এসব বাস্তবায়ন করব, দেশের পরিবর্তন ঘটাব।”
তিনি আরও অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে অসঙ্গতি ও প্রতারণা করা হয়েছে। ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকার জনগণের আস্থা হারিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুলের দাবি, জাতীয় নির্বাচন বানচাল করতে একটি চক্র সক্রিয়ভাবে কাজ করছে। তিনি বলেন, “নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধবিরোধী গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করছে—তাদের প্রতি সতর্ক থাকতে হবে।”
সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।






আপনার মতামত লিখুন