গণভোট ইস্যুতে “হ্যাঁ না” পোস্টে সয়লাব সামাজিক মাধ্যম
রাজনীতির মাঠে এখন গরম আলোচ্য বিষয় — আসন্ন গণভোট। সামাজিক মাধ্যমেও চলছে তার প্রতিফলন। বুধবার (২৯ অক্টোবর) মধ্যরাত থেকে “হ্যাঁ” ও “না” লেখা পোস্টে ভরে গেছে ফেসবুক নিউজফিড। কেউ পক্ষে প্রচারণা চালাচ্ছেন, আবার কেউ বিরোধিতা করছেন তীব্রভাবে।
জানা গেছে, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গণভোটের বিপক্ষে অবস্থান নিয়ে ‘না’ লিখে পোস্ট দিচ্ছেন। অপরদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ক্যাম্পেইন শুরু করেছে।
এতে দেখা দিয়েছে রাজনৈতিক অঙ্গনে নতুন ধরনের মেরুকরণ—বিশেষত জুলাই গণঅভ্যুত্থানের পর প্রস্তাবিত জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ ঘিরে।
কমিশনের সুপারিশে বলা হয়েছে, “চব্বিশের গণঅভ্যুত্থানের ক্ষমতাবলে” ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ–২০২৫’ জারি করা হবে, যার ওপর গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটে অনুমোদন পেলে পরবর্তী নির্বাচনে দ্বৈত ভূমিকার সংসদ গঠনের সুযোগ তৈরি হবে, এবং সেই সংসদ থেকেই সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে।
তবে রাজনৈতিক দলগুলোর অবস্থান এক নয়—বিএনপি বলছে, জাতীয় নির্বাচন ও গণভোট একইসঙ্গে হতে হবে। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, “নির্বাচনের আগে গণভোটের বিষয়ে বিএনপি একমত নয়, এ নিয়ে আলোচনারও সুযোগ নেই। তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয়।”
অন্যদিকে, জামায়াতে ইসলামী নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনের দাবি জানিয়ে বলেছে, “এটি আওয়ামী মনোনীত রাষ্ট্রপতির নয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জারি করতে হবে।”
আর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলছে, নির্বাচনের আগেই গণভোট হওয়া উচিত। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “‘হ্যাঁ–না’ ভোটের মাধ্যমে গণভোটের প্রস্তাব আমরা ইতিবাচকভাবে দেখি। নির্বাচনের আগে হলে তা দলীয় প্রভাবমুক্তভাবে জনগণের মতামত প্রকাশ করবে।”
সামাজিক মাধ্যমে এ বিষয়টি এখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ “হ্যাঁ” লিখে পরিবর্তনের পক্ষে অবস্থান নিচ্ছেন, কেউ “না” লিখে তা প্রত্যাখ্যান করছেন। একে কেন্দ্র করে তৈরি হয়েছে রাজনৈতিক ও জনমতের মিশ্র প্রতিক্রিয়া, যা আগামী নির্বাচনের গতিপথেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।






আপনার মতামত লিখুন