নির্বাচন বানচালের চেষ্টা হবে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সতর্ক করে বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য দেশের ভেতর ও বাইরে থেকে শক্তিশালী চক্র সক্রিয় হতে পারে। তিনি বলেন, “এই নির্বাচন ছোটখাটো কোনো ব্যাপার নয়, বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হবে। হঠাৎ করেই আক্রমণ বা অস্থিতিশীলতা তৈরি হতে পারে। এটি একটি চ্যালেঞ্জিং নির্বাচন, কিন্তু যত ঝড়ঝাপ্টাই আসুক, আমাদের তা অতিক্রম করতে হবে।”
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার এই বক্তব্য প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।
প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেন— আসন্ন নির্বাচনে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও ভুয়া তথ্য প্রচারের চেষ্টা বাড়বে। দেশে-বিদেশে বসে পরিকল্পিতভাবে এআই-নির্মিত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়া হতে পারে, যার মাধ্যমে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা হবে। এ বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে এবং যেকোনো মিথ্যা প্রচার সঙ্গে সঙ্গে প্রতিহত করার নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, “একটা অপপ্রচার তৈরি হওয়া মাত্রই সেটাকে থামাতে হবে। ছড়াতে দেওয়া যাবে না।”
তিনি আরও জানান, নির্বাচনকে সুন্দর ও উৎসবমুখর করতে হলে জনগণের কাছে পৌঁছাতে হবে। ভোটারদের নির্বাচনী নীতিমালা, ভোট প্রদানের নিয়ম, ও বিশৃঙ্খলা পরিস্থিতিতে করণীয় বিষয়ে সচেতন করতে হবে।
এজন্য প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন ও সংস্কৃতি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, যেন তারা টিভিসি, ডকুমেন্টারি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারযোগ্য ভিডিও দ্রুত তৈরি করে প্রচার চালায়। এতে ভোটাররা নিজ থেকেই সচেতন হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।






আপনার মতামত লিখুন