খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ফ্রিল্যান্সিং করতে চান? তাহলে এই লেখা আপনার জন্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৭:৫৭ পূর্বাহ্ণ
ফ্রিল্যান্সিং করতে চান? তাহলে এই লেখা আপনার জন্য

অফিসের চাকরির সঙ্গে ফ্রিল্যান্সিং কাজের মৌলিক কিছু পার্থক্য থাকলেও, দায়িত্বের জায়গায় কোনো অবহেলার সুযোগ নেই। ফলে যারা নিজেদের ক্যারিয়ার ফ্রিল্যান্সিংয়ে থিতু করতে চান, তাদের জন্য এই লেখা-

বৈশ্বিক প্রেক্ষাপট

বিশ্বব্যাপী ফ্রিল্যান্সারদের সংখ্যা বাড়ছে। বিভিন্ন পরিসংখ্যান বলছে, পৃথিবীজুড়ে প্রায় ২৮ শতাংশ দক্ষ পেশাজীবী এখন স্বাধীনভাবে কাজ করছেন। যারা বিভিন্ন চাকরিতে যুক্ত, তাদের এক-তৃতীয়াংশও ভবিষ্যতে ফ্রিল্যান্সিং শুরু করবেন ভাবছেন। বাংলাদেশেও দ্রুত বাড়ছে এই সংখ্যা। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের তথ্যমতে, দেশে নিবন্ধিত ফ্রিল্যান্সারের সংখ্যা ছয় লাখ ছাড়িয়েছে।

লক্ষ্য নির্ধারণ করুন

ফ্রিল্যান্সিং শুরু করার আগে নিজের লক্ষ্য স্পষ্ট করুন। আপনি কি চাকরির পাশাপাশি বাড়তি আয় করতে চান, নাকি পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে চান? পার্টটাইম হিসেবে শুরু করলে ঝুঁকি কমে এবং অভিজ্ঞতা অর্জন সহজ হয়। আর যদি পূর্ণকালীন ফ্রিল্যান্সিংয়ের পথে যেতে চান, তবে আর্থিক পরিকল্পনা, কাজের লক্ষ্য ও আয়-ব্যয়ের হিসাব আগে থেকেই নির্ধারণ করা জরুরি।

বাজারের চাহিদা

সব কাজ সবসময় সমান জনপ্রিয় থাকে না, সব দক্ষতাও সবসময় প্রয়োজন হয় না। বিশেষ করে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন অনেক কাজের ধরন বদলে দিয়েছে। তাই কোন ক্ষেত্রগুলোতে ফ্রিল্যান্সারদের কাজের চাহিদা বাড়ছে তা জেনে রাখা দরকার। Upwork, Fiverr ev LinkedIn-এ নজর রাখুন-সেখানে ভিডিও এডিটিং, কনটেন্ট রাইটিং, ডেটা অ্যানালিটিকস এবং ডিজিটাল মার্কেটিংয়ের কাজ পাওয়া যায়। এআই-কে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করেও অনেক কাজ করা যায়। মোটাদাগে, বিশ্ববাজারের চাহিদা বুঝে নিজেকে তৈরি করতে পারলেই আপনি প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন।

ভালো লাগার কাজ বেছে নিন

ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড় আকর্ষণ হলো-আপনি নিজের পছন্দের কাজ ও সময় বেছে নিতে পারেন। তবে কেবল টাকার চিন্তা করে কাজ বেছে নিলে তা দীর্ঘস্থায়ী হয় না। যেটা করতে আনন্দ পান, সেই কাজেই সময় দিন। লেখালেখি ভালো লাগলে কনটেন্ট রাইটিং বা কপিরাইটিং, ডিজাইন পছন্দ হলে গ্রাফিক
ডিজাইন বা ইউএক্স-ইউআই ডিজাইন শেখা শুরু করতে পারেন। নিজের আগ্রহের জায়গায় কাজ করলে শেখার গতি বাড়ে, কাজেও সৃজনশীলতা আসে।

ধীরেসুস্থে শুরু করুন, স্থির থাকুন

ফ্রিল্যান্সিংয়ে সফলতা একদিনে আসে না। অনেকেই চাকরি ছেড়ে একেবারে পুরোপুরি ফ্রিল্যান্সিংয়ে ঝাঁপিয়ে পড়েন-এটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। প্রথম দিকে কাজের সংখ্যা ও আয়ে ওঠানামা থাকবে। তাই প্রথম কয়েক মাস চাকরির পাশাপাশি পার্টটাইম হিসেবে কাজ শুরু করা ভালো। এতে বাস্তব অভিজ্ঞতা হবে, বাজার বোঝা যাবে, ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করার দক্ষতাও বাড়বে।

কিছু নিয়মকানুনও জানতে হবে

ফ্রিল্যান্সিং মানে আপনি নিজেই নিজের প্রতিষ্ঠানের সিইও। তাই চুক্তি, দাম নির্ধারণ, ইনভয়েস পাঠানো-সব কিছুতে সচেতন হতে হবে। কাজের শর্ত লিখিতভাবে রাখুন, সময়মতো কাজ জমা দিন এবং পেশাদার আচরণ বজায় রাখুন। নিজের আয়-ব্যয়ের রেকর্ড রাখুন। এগুলো আপনার পেশাদারিত্বের ইতিবাচক ভাবমূর্তি তৈরি করবে।

চ্যালেঞ্জ ও সম্ভাবনা

ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো-অবস্থান কোনো বাধা নয়। সুনামগঞ্জ, রংপুর বা কুষ্টিয়া বসেও কেউ লন্ডন বা নিউইয়র্কের ক্লায়েন্টের জন্য কাজ করতে পারেন। তাই দক্ষতার পাশাপাশি দরকার সময় ব্যবস্থাপনা, ইংরেজি ভাষায় লেখা ও কথা বলার দক্ষতা, আর ক্রমাগত শেখার মানসিকতা। পাশাপাশি বলা হচ্ছে, ভবিষ্যতের কর্মক্ষেত্র হবে ‘মাইক্রোশিফটিং’-অর্থাৎ মানুষ একসঙ্গে একাধিক ছোট প্রকল্পে কাজ করবে এবং নিজের দক্ষতা বিভিন্ন প্ল্যাটফর্মে ভাগ করে দেবে।

এই পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য এখন থেকেই প্রস্তুত থাকা জরুরি। ফ্রিল্যান্সিং মানে স্বাধীনভাবে কাজ করা হলেও, এতে দায়িত্বে অবহেলা করার কোনো সুযোগ নেই। যথাযথভাবে কাজ করলেই ফলাফল আসে। তাই পরিকল্পনা, অধ্যবসায় ও পেশাদারিত্ব থাকলে এই খাত হতে পারে টেকসই ক্যারিয়ারের নতুন দিগন্ত। সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন-আপনি কি নিয়মিত চাকরির পাশাপাশি স্রেফ কিছু বাড়তি আয় চান, নাকি ফ্রিল্যান্সিংয়েই নিজের ভবিষ্যৎ গড়ার সুযোগ খুঁজছেন? নিজের লক্ষ্যকে জানুন, বুঝুন, সে অনুযায়ী প্রস্তুতি নিন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি