চলতি মাসেই বিএনপির ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত হবে: সালাহউদ্দিন আহমদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দ্রুতই নির্বাচনী প্রস্তুতি ত্বরান্বিত করছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, চলতি মাসের মধ্যেই ২০০ আসনে একক প্রার্থীকে গ্রিন সিগনাল দেওয়া হবে, যাতে তারা দলীয়ভাবে প্রচারণা ও প্রস্তুতি শুরু করতে পারে।
শুক্রবার (২৪ অক্টোবর) নিজ বাসায় এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, “নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের সময় বেশ কিছু বিষয়ে বিএনপি সম্মত ছিল। তবে ২০(১) উপধারায় যে দলীয় প্রতীক ব্যবহারের শর্ত যুক্ত করা হয়েছে, তা ছোট দলগুলোকে জোটবদ্ধ হতে নিরুৎসাহিত করবে।”
তিনি বলেন, “এই ধারা অনুযায়ী ছোট দলের প্রার্থীরা বড় দলের প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারতেন, যা রাজনৈতিক ভারসাম্য রক্ষায় সহায়ক হতো। কিন্তু বর্তমান সংশোধন বহুদলীয় গণতন্ত্রের জন্য বাধাস্বরূপ।”
বিএনপির এই নেতা আরও জানান, “বহুদলীয় ও অন্তর্ভুক্তিমূলক সংসদ চায় বিএনপি। তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি। আমরা আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেব।”






আপনার মতামত লিখুন