তত্ত্বাবধায়ক মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্য আপিল শুনানি নয়: প্রধান বিচারপতি
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল বিষয়ক মামলার আপিল শুনানি শেষ না হওয়া পর্যন্ত আর কোনো মামলার আপিল শুনানি হবে না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, “এটাই এখন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা।”
বুধবার (২২ অক্টোবর) আপিল বিভাগে দ্বিতীয় দিনের শুনানিতে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি প্রশ্ন তোলেন, সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে সেটি সংসদের ক্ষমতাকে খর্ব করবে কিনা।
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে করা আবেদনের শুনানিতে ড. বদিউল আলম মজুমদারের পক্ষের আইনজীবী যুক্তি উপস্থাপন শেষ করেন। তিনি জানান, এখন পর্যন্ত ১২ জন বিচারপতি এই মামলার শুনানিতে অংশ নিয়েছেন, এর মধ্যে ৮ জন তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখার পক্ষে মত দিয়েছেন এবং সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ ৪ জন এর বিরোধিতা করেন।
এ সময় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী জানতে চান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকার ফেরানো কতটা যুক্তিযুক্ত হবে। জবাবে আইনজীবী শরীফ ভুঁইয়া বলেন, “আপিল বিভাগ চাইলে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে একটি স্পষ্ট গাইডলাইন দিতে পারে।”
এরপর প্রধান বিচারপতি বলেন, “এই মামলার রায় দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপাতত অন্য কোনো আপিল শুনানি হবে না।”
উল্লেখ্য, ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। পরবর্তীতে ২০১১ সালে আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংশোধনীটি বাতিল ঘোষণা করে। এরপর ২০১১ সালের ৩০ জুন সংসদে পাস হয় পঞ্চদশ সংশোধনী, যেখানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপ করা হয়।
তবে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ‘সুশাসনের জন্য নাগরিক (সুজন)’ সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি রায় পুনর্বিবেচনার আবেদন করেন। তাদের মধ্যে রয়েছেন— তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান। পরে ১৬ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আপিল বিভাগে পুনর্বিবেচনার আবেদন করেন।






আপনার মতামত লিখুন