শান্তিপূর্ণ নির্বাচনে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার — প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে ভ্রান্ত তথ্য ও বিভ্রান্তি ছড়ানোই এখন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। তবে তিনি আশ্বাস দিয়েছেন, নির্বাচন যেন শান্তিপূর্ণ, আনন্দময় ও অংশগ্রহণমূলক হয়, সেজন্য সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎসে সৌজন্য সাক্ষাতে এলে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকে ড. ইউনূস রাষ্ট্রদূতকে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন যে তাঁর মেয়াদকালে বাংলাদেশ–জার্মানি সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছাবে।
প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ঐকমত্য কমিশন দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে এনে ‘জুলাই জাতীয় সনদ’-এ স্বাক্ষরের মাধ্যমে ঐক্য ও পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছে, যা নির্বাচনের আগে পারস্পরিক বিশ্বাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বৈঠকে রাষ্ট্রদূত লোৎসে বলেন, “বাংলাদেশের জনগণকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরও সম্পৃক্ত হতে দেখা সত্যিই উৎসাহব্যঞ্জক।” তিনি জুলাই জাতীয় সনদসহ সরকারের চলমান সংস্কার কার্যক্রমের প্রশংসা করে বলেন, রাজনৈতিক সংলাপ ও পারস্পরিক আলোচনা ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
এ সময় দুই পক্ষ বাংলাদেশে জার্মান বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা ইস্যু, এবং জার্মানিতে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, “ইউরোপে জার্মানি বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। আশা করছি, নতুন রাষ্ট্রদূতের সময় দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।”
তরুণ প্রজন্মের প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে আজকের তরুণরা সহজেই নিজেদের মত প্রকাশ করতে পারে, অন্যায়ের প্রতিবাদ জানাতে পারে — এটাই পরিবর্তনের শক্তি।”






আপনার মতামত লিখুন