জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা: তিন আসামির স্বীকারোক্তি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. জোবায়েদ হোসাইন হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, জুয়েল রানা ও মাসুম মিয়ার আদালতে তারা এ জবানবন্দি দেন।
রাষ্ট্রপক্ষে মামলার পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকি বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিরা হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আদালত তাদের জবানবন্দি গ্রহণের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
অভিযুক্ত তিনজন হলেন— বার্জিস শাবনাম বর্ষা (১৯) – জোবায়েদের সহপাঠী, মো. মাহির রহমান (১৯) – বর্ষার প্রেমিক, ফারদিন আহমেদ আয়লান (২০) – মাহিরের বন্ধু
এছাড়াও মামলায় আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।
বাদী পক্ষের আইনজীবী ইস্তিয়াক হোসেন জিপু জানান, তিন আসামি ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। আদালত এখন সেই বিবৃতির ভিত্তিতে পরবর্তী আদেশ দেবেন। তিনি বলেন, “ন্যায়বিচার নিশ্চিত করতে মামলার প্রতিটি ধাপ যথাযথভাবে সম্পন্ন করা হবে।”
এদিন সকালে তিন আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয় কঠোর নিরাপত্তায়। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন ক্যাম্পাস এলাকায়।






আপনার মতামত লিখুন