চবি নির্বাচনের পর ছাত্রদলের মব সৃষ্টি: ভিপি প্রার্থী রনির অভিযোগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের পর ছাত্রদল সমর্থিত মব সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় চাকসু ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি সাতটি অভিযোগ তুলে ধরেন। রনি বলেন, নির্বাচনে ব্যবহৃত কালি অমোচনীয় হওয়া উচিত ছিল, কিন্তু তা উঠে যাচ্ছে। আইডি ভবনের ২১৪ নম্বর কক্ষে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়াই ১০–১৫টি ব্যালট বক্সে ফেলা হয়েছে। বহিরাগত প্রবেশ, হোস্টেল এলইডি স্ক্রিন বন্ধ থাকা, ব্যবসায় অনুষদে ভোট না দেওয়া এবং ভোটগ্রহণের পর মব সৃষ্টি করা—এসব বিষয়েও প্রশাসনের যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
নির্বাচনে চাকসুর ২৬টি পদের জন্য ৪১৫ জন প্রার্থী এবং হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য ৪৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ভোটার সংখ্যা ২৭,৫১৬ জন। এবারের নির্বাচনে ওএমআর পদ্ধতিতে ভোট নেওয়া হয়েছে এবং ফলাফল সরাসরি দেখানোর জন্য ১৪টি এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছিল।






আপনার মতামত লিখুন