বিকাশ-নগদ-রকেটে হাজারে কাটবে দেড় টাকা: লেনদেনের নতুন উপায়
আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে দেশের সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) — যেমন বিকাশ, নগদ, রকেট — এ ব্যাংক থেকে টাকা পাঠাতে লাগবে প্রতি হাজার টাকায় ১ টাকা ৫০ পয়সা।
বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে এই নতুন সেবা চালু হচ্ছে।
এর ফলে দেশের যেকোনো ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে সহজেই এমএফএস ওয়ালেটে টাকা পাঠানো যাবে।
আগে এনপিএসবি প্ল্যাটফর্ম কেবল ব্যাংক থেকে ব্যাংকে লেনদেনের জন্য ব্যবহৃত হতো, এবার তা ব্যাংক–টু–এমএফএস এবং ব্যাংক–টু–পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) পর্যন্ত সম্প্রসারিত হয়েছে।
গতকাল (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ (পিএসডি) এই বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে।
সেখানে বলা হয়েছে, নগদ অর্থের ব্যবহার কমানো ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।
নতুন ব্যবস্থায় লেনদেনের চার্জ নির্ধারণ করা হয়েছে এভাবে:
💳ব্যাংক থেকে এমএফএসে পাঠালে: প্রতি হাজারে ১.৫০ টাকা
এমএফএস থেকে ব্যাংকে পাঠালে: প্রতি হাজারে ৮.৫০ টাকা
ব্যাংক থেকে ব্যাংকে পাঠালে: প্রতি হাজারে ১.৫০ টাকা
ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারে পাঠালে: প্রতি হাজারে ২ টাকা
প্রাপক গ্রাহকের কাছ থেকে কোনো অতিরিক্ত ফি বা চার্জ নেওয়া যাবে না বলে নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে।
এছাড়া, ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব লেনদেন সীমার মধ্যেই এই সেবা পরিচালনা করবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংক টু ব্যাংক লেনদেনের বর্তমান নিয়ম অপরিবর্তিত থাকবে।






আপনার মতামত লিখুন