ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: এরদোগান
গাজায় যুদ্ধবিরতি চুক্তি সফলভাবে বাস্তবায়িত হওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, চুক্তির প্রথম ধাপের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং তুরস্ক শান্তি প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখবে।
বৃহস্পতিবার এক্সে (পূর্বে টুইটার) দেওয়া এক বিবৃতিতে এরদোগান জানান, চুক্তি কার্যকর করতে রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শনের জন্য তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।
মিশরের শারম এল-শেখে তিন দিনব্যাপী আলোচনায় তুরস্ক, কাতার ও মিশর অংশ নেয়; মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত ছিল যুক্তরাষ্ট্র। এরদোগান বলেন, “আমরা চুক্তির প্রতিটি ধাপ সতর্কভাবে পর্যবেক্ষণ করব এবং শান্তি প্রক্রিয়াকে শক্তিশালী করতে আমাদের অবদান অব্যাহত রাখব।”
তিনি আরও বলেন, “শুধু যুদ্ধবিরতি নয়, একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনই আমাদের মূল লক্ষ্য। ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি অখণ্ড ফিলিস্তিন না হওয়া পর্যন্ত এই সংগ্রাম থামবে না।”
বিবৃতির শেষে এরদোগান ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, “গত দুই বছর ধরে যে ভয়াবহ কষ্ট সহ্য করছে ফিলিস্তিনের মানুষ, তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা।”






আপনার মতামত লিখুন