মেসি খেললে টিম চ্যালেঞ্জ থাকত—বাংলাদেশের হামজা চৌধুরি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দেওয়ার পর থেকেই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরি যেন হয়ে উঠেছেন দলের প্রাণভোমরা। তার উপস্থিতি মাঠে দলকে দেয় বাড়তি অনুপ্রেরণা। তবে নিজের ভূমিকা নিয়ে বেশ সংযত এই ফুটবলার।
আজ বিকেলে জাতীয় দলের অনুশীলনের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হামজা বলেন,
“আমি মনে করি, যদি মেসি নিজেও বাংলাদেশের হয়ে খেলতেন, তবুও আমাদের ট্যাকটিকস ঠিক করা ও টিম স্পিরিট গড়ে তোলার চ্যালেঞ্জ থাকতই।”
তিনি আরও যোগ করেন, “দিন শেষে ফুটবল একটা দলীয় খেলা। একজন খেলোয়াড় সবকিছু বদলে দিতে পারে না। দল হিসেবেই জেতার মানসিকতা গড়ে তুলতে হয়।”
২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হয় হামজা চৌধুরির। এরপর এটি তার তৃতীয়বার বাংলাদেশে আগমন।
তিনি বলেন, “এবার এসে ভালো লাগছে। কোচ ও সতীর্থদের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। সবাই পরিশ্রম করছে, ইনশাআল্লাহ আমরা জিতব।”
এশিয়ান কাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলার পর এবার হংকংয়ের বিপক্ষে হোম-অ্যান্ড-অ্যাওয়ে ম্যাচে অংশ নিতে এসেছেন তিনি। গত মাসে নেপালের বিপক্ষে খেলতে না আসা প্রসঙ্গে হামজা বলেন,
“আমি দুঃখিত, নেপালে যেতে পারিনি কারণ গোড়ালিতে সামান্য চোট ছিল। বার্মিংহামের বিপক্ষে ম্যাচের পর ব্যথা বেড়ে যায়, তাই বিশ্রাম নিতে হয়েছিল।”
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে হামজা এখন ‘বাংলাদেশের মেসি’। কিন্তু তিনি নিজেই জানিয়ে দিলেন—ফুটবলে একা কেউ নন, দলের ঐক্যই আসল শক্তি।






আপনার মতামত লিখুন