থানায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভাইরাল যুব মহিলা লীগ নেত্রী
শরীয়তপুরের নড়িয়া উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জুলিয়া হাসান পারুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে পাঠানোর সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে বের হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকালে নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, পারুল দীর্ঘদিন ধরে অনলাইনে আওয়ামী লীগের কার্যক্রমে সক্রিয় ছিলেন এবং গোপনে সংগঠন পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছিলেন। এছাড়া গত ২০ জুলাই আওয়ামী লীগের ডাকা হরতালে সহিংসতায় অংশগ্রহণের অভিযোগেও তার বিরুদ্ধে মামলা ছিল। ওইদিন নড়িয়ার মাঝিরহাট এলাকায় ঢাকা-শরীয়তপুর মহাসড়কে অবরোধ সৃষ্টি ও গাছ পোড়ানোর ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া যায়।
এই মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালতে নেওয়ার সময় এক নারী পুলিশ সদস্য তাকে থানার বাইরে নিয়ে গেলে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন, যা ভিডিও আকারে ছড়িয়ে পড়ে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই জুলিয়া হাসান পারুলকে আটক করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”
এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা চলছে।






আপনার মতামত লিখুন