চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ
দেশে এসেছে ৭.৫৮ বিলিয়ন ডলার
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে নতুন রেকর্ড গড়েছে। এই সময়ে দেশে এসেছে ৭৫৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৭.৫৮ বিলিয়ন ডলার। টাকায় যার পরিমাণ প্রায় ৯২ হাজার ৫৫০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে হিসাব করা হয়েছে)।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬৫৪ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ, এবারের প্রবৃদ্ধি প্রায় ১৬ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে। হুন্ডি প্রতিরোধে সরকারি উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং সেবার উন্নতির কারণেই এই ধারাবাহিকতা বজায় রয়েছে।
শুধু সেপ্টেম্বর মাসেই দেশে এসেছে ২৬৮ কোটি ৫০ লাখ (২.৬৮ বিলিয়ন) মার্কিন ডলার, যা টাকায় প্রায় ৩২ হাজার ৭৫৬ কোটি টাকা। আগস্টে এসেছে ২৪২ কোটি ২০ লাখ ডলার এবং জুলাইয়ে ২৪৮ কোটি ডলার।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছর শেষে প্রবাসী আয়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ওই অর্থবছরে দেশে এসেছে ৩০.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স, যা আগের বছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৩.৭৪ বিলিয়ন ডলার।
প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা এনে দিয়েছে এবং ডলার বাজারে স্বস্তি ফিরিয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।






আপনার মতামত লিখুন