বেতনবিষয়ক দ্বন্দ্বে উত্তরবঙ্গের তিন জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
শ্রমিকদের বেতনবৃদ্ধি নিয়ে মালিক–শ্রমিক দ্বন্দ্বের জেরে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে হঠাৎই এই তিন জেলা থেকে কোনও বাস ছেড়ে যায়নি, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
মালিকপক্ষের সূত্র জানায়, শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সম্প্রতি ধর্মঘট পালন করেছিলেন পরিবহন শ্রমিকরা। এরপর ২৩ সেপ্টেম্বর ঢাকায় মালিক ও শ্রমিকদের বৈঠকে বাড়তি বেতন কার্যকরের সিদ্ধান্ত হয়, যা ২৫ সেপ্টেম্বর থেকে চালুর কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে কাউন্টারগুলোতে হঠাৎ বাস বন্ধের ঘোষণা দেন মালিকরা।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, “মালিকদের সঙ্গে একাধিক দফায় বৈঠকের পর শ্রমিকদের জন্য নতুন মজুরি নির্ধারণ করা হয়েছিল। তবে পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করায় যাত্রীরা মারাত্মক দুর্ভোগে পড়েছেন।”






আপনার মতামত লিখুন