সাত বছর পর গণ বিশ্ববিদ্যালয়ে গকসু নির্বাচন: উৎসবমুখর ক্যাম্পাসে চলছে ভোটগ্রহণ
দীর্ঘ বিরতির পর আবারো গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৩টা পর্যন্ত।
ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের উৎসবমুখর উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। সকাল থেকেই ভোটারদের সরব অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠেছে ভোটকেন্দ্রগুলো। এবারের নির্বাচনে ১৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭৬১ জন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৫৮ জন প্রার্থী। গত ১১ আগস্ট ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ, যাচাই-বাছাই, প্রার্থীদের তালিকা প্রকাশ ও ডোপ টেস্টসহ সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পুরো ক্যাম্পাসে মোতায়েন রয়েছে ৩৫০ জন নিরাপত্তা সদস্য, প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এছাড়া সেনাবাহিনী ও কুইক রেসপন্স টিমও দায়িত্ব পালন করছে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গকসু নির্বাচন জাতীয় নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা বিশ্বাস করি, এবারের নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন হবে।
উল্লেখ্য, গণ বিশ্ববিদ্যালয়ে প্রথম গকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৩ সালে। সর্বশেষ ২০১৮ সালে তৃতীয় কার্যনির্বাহী সংসদ গঠিত হলেও ২০২০ সালে তা বিলুপ্ত ঘোষণা করা হয়।






আপনার মতামত লিখুন