রাবিতে পোষ্য কোটা ইস্যুতে কর্মবিরতি উপেক্ষা করে গাছতলায় ক্লাস নিলেন অধ্যাপক পিটার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বহালের দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন। ফলে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের দাপ্তরিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তবে কর্মবিরতির মধ্যেও আইন বিভাগের অধ্যাপক ড. মোর্শেদুল ইসলাম পিটার শিক্ষার্থীদের ক্লাস নিয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনের গাছতলায় তিনি ক্লাস পরিচালনা করেন এবং শিক্ষার্থীদের উপস্থিতিও নিশ্চিত করেন। এছাড়া ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের নিয়মিত ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।
এ বিষয়ে অধ্যাপক পিটার বলেন, “আমি চাই না শিক্ষার্থীদের ওপর কোনো অনৈতিক চাপ প্রয়োগ হোক। প্রশাসনের যারা দায়িত্বে আছেন তারা সাধারণ শিক্ষার্থীদের আস্থা হারিয়েছেন। আমি আমার দায়িত্ব পালনের জন্যই ক্লাস নিয়েছি।”
তিনি আরও অভিযোগ করেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর বৈষম্যহীন বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি দিয়েও প্রশাসন বারবার শিক্ষার্থীদের সঙ্গে বেইমানি করছে। পোষ্য কোটাকে প্রাতিষ্ঠানিক সুবিধা হিসেবে বৈধ করার চেষ্টা চলছে, যা অন্যায়।”
এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা সহ-উপাচার্য ড. মাঈন উদ্দীনের গাড়ি আটকে দেয়। পরে তিনি জুবেরী ভবনে গেলে শিক্ষার্থীরা তাঁকে এবং আরও কয়েকজন শিক্ষক-কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি আব্দুল আলিম শনিবার রাতেই পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন।
আজ সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকের পাশের লিচুতলায় অবস্থান নিয়ে কর্মকর্তা-কর্মচারীরাও এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।






আপনার মতামত লিখুন