রাজধানীতে গুমোট আবহাওয়া: দিনব্যাপী হালকা–মাঝারি বৃষ্টির সম্ভাবনা
রাজধানী ঢাকার বাসিন্দাদের বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হয়েছে আর্দ্র ও গুমোট আবহাওয়ার মধ্য দিয়ে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দিনের বেলায় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা সামান্য বাড়ার কারণে স্বস্তি কমই মিলবে।
আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮–১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এদিকে দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের অনেক স্থানে এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।






আপনার মতামত লিখুন