নড়াইল-যশোর মহাসড়কে বাস দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা’সহ দুজন নিহত
নড়াইল-যশোর মহাসড়কের ভাঙুড়া বাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় উপপরিদর্শক (এসআই) নিক্কন আঢ্যসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে রয়েছেন—নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের এসআই নিক্কন আঢ্য (৩৫), যশোর সদরের বসুন্দিয়া এলাকার আক্তার হোসেন এবং যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার আবু জাফর (স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক)।
হাইওয়ে পুলিশের তথ্যমতে, ঢাকা থেকে যশোরগামী নড়াইল এক্সপ্রেসের বাসটি যশোরের বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের গ্লাস ভেঙে বাঁশের অগ্রভাগ ভেতরে ঢুকে পড়ে এবং ঘটনাস্থলেই আক্তার হোসেন মারা যান। গুরুতর আহত আবু জাফর ও নিক্কন আঢ্যকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে আবু জাফরকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিক্কনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।






আপনার মতামত লিখুন