“১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে”—প্রেস সচিব শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকা স্বাভাবিক হলেও জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই হবে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) মাগুরার শ্রীপুর উপজেলার মুসলিম রেনেসাঁ কবি ফররুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, “রাজনৈতিক দল থাকলেই মতপার্থক্য থাকবে। না হলে ভিন্ন দল কেন থাকবে? তবে নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি বা সন্দেহের সুযোগ নেই। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “কেউ যদি নির্বাচন বানচাল করার চেষ্টা করে, তাতে সফল হবে না। নির্বাচন পিছিয়ে দেওয়ার সুযোগও নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট হবে—এটা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার।”
এসময় তিনি স্থানীয় সনাতন ধর্মের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন।






আপনার মতামত লিখুন