জাকসু নির্বাচন
‘নিশ্চিত পরাজয় এড়াতে’ ছাত্রদলের বর্জন —শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জনের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন শিবির সমর্থিত প্যানেলের সমন্বিত শিক্ষার্থী জোটের ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী আরিফ উল্লাহ আদিব। তিনি বলেন, “নিশ্চিত পরাজয় বুঝতে পেরেই ছাত্রদল ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। তবে এই বর্জন সার্বিক নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।”
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বেগম সুফিয়া কামাল হলের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
আরিফ উল্লাহ আরও বলেন, ২০২৪-পরবর্তী সময়ে দেশের মানুষ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। এজন্য ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। জাকসুতেও তারা পুরো প্যানেল নিয়ে জয়লাভের আশা করছেন।
তিনি দাবি করেন, ওএমআর মেশিন নিয়ে ছাত্রদল যে ভুয়া তথ্য প্রচার করেছে, সেটির সঙ্গে বিএনপির একটি মহল জড়িত। “নির্বাচনে নানা সমস্যা থাকতে পারে, তবে কারচুপির কোনো ঘটনা ঘটেনি,” বলেন আরিফ উল্লাহ।






আপনার মতামত লিখুন