ঢাবি ছাত্রদল সভাপতিকে নিয়ে তীব্র মন্তব্য জামায়াত নেতার
সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসকে নিয়ে কড়া মন্তব্য করেছেন জামায়াতের নেতা মেজবাহ উদ্দিন সাঈদ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি এ মন্তব্য করেন, যা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
মেজবাহ উদ্দিন সাঈদ বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিশে শুরার সদস্য। তাঁর বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নে।
পোস্টে মেজবাহ উদ্দিন সাঈদ লিখেছেন, “ঢাবি ছাত্রদল সভাপতির এমন আচরণ কীভাবে সম্ভব? ভিসির সামনে টেবিলে আঘাত করে কথা বলা বেয়াদবি, এটি সহ্য করা হবে না। দেশের ভেতরে ‘র’ বা অন্য শক্তির দালালি চলবে না।”
এরপরপরই ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক এমপি নিজাম হাজারীর সঙ্গে মেজবাহ উদ্দিন সাঈদের একটি ছবি শেয়ার করে তাকে ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দেন।
উল্লেখ্য, মেজবাহ উদ্দিন সাঈদ ২০২৪ সালের ১৮ জুলাই সরকারবিরোধী আন্দোলনে জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।






আপনার মতামত লিখুন