স্বামীর সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে থাকার সময় আত্মহত্যা করেছেন ফরিদা ইয়াছমিন (৩১)। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শফিক হুজুরের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদা দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের মধ্যে ছিলেন। শনিবার রাতে বাসা থেকে বের হতে চাইলে তার স্বামী নুর নবী তাকে বাধা দেন। এর পরদিন বিকেলে বোরখা পরে ফ্যানের সঙ্গে ঝুলে তিনি আত্মহত্যা করেন।
ফরিদা নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের মো. দুলাল মিয়ার মেয়ে এবং সোনাইমুড়ীর যুক্তরাষ্ট্র প্রবাসী নুর নবীর স্ত্রী। প্রায় সাত মাস ধরে তিনি শফিক হুজুরের বাড়িতে ভাড়া থাকতেন। ওই বাসার চারটি সিসি ক্যামেরায় তাকে নজরদারিতে রাখা হতো।
বাড়ির মালিক শফিক উল্লাহ জানান, “ফরিদা পর্দানশিন নারী ছিলেন। সাত মাসে আমি একবারও তার মুখ দেখিনি। কেবল ভাড়া বা বিল দেওয়ার সময় পর্দার আড়াল থেকে কথা হতো। তার স্বামী বেডরুমেও সিসি ক্যামেরা বসিয়েছিল। সকালে দরজা না খোলায় আমরা পুলিশকে খবর দিই।”
নিহতের ভাই মাসুদ ও রাশেদ রানা অভিযোগ করে বলেন, “নুর নবী আমাদের বোনকে নজরবন্দি করে রেখেছিল। সিসি ক্যামেরায় সবকিছু দেখলেও কোনো ব্যবস্থা নেয়নি। সে চেয়েছে আমাদের বোন মারা যাক। আমরা এই ঘাতকের ফাঁসি চাই।”
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম জানান, “আমরা ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরা ও মোবাইল ফোন জব্দ করেছি। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”






আপনার মতামত লিখুন