২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় আজ
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আপিলের রায় আজ (বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর) ঘোষণা করবে দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চে এই রায় দেওয়া হবে।
এর আগে গত ২১ আগস্ট পাঁচ দিনব্যাপী শুনানি শেষে রায়ের তারিখ নির্ধারণ করেন আপিল বিভাগ। শুনানিতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্যাহ আল মাহমুদসহ সহকারী অ্যাটর্নি জেনারেল আবু সাদাত মো. সায়েম ভূঞা ও সাদিয়া আফরিন অংশ নেন। অন্যদিকে আসামিপক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও মোহাম্মদ শিশির মনির যুক্তি উপস্থাপন করেন।
রাষ্ট্রপক্ষ বিচারিক আদালতের দেওয়া সাজা বহাল রাখার দাবি জানায়, আর আসামিপক্ষ হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রাখার আবেদন করে।
২০০৪ সালের ভয়াবহ হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং শতাধিক নেতা-কর্মী আহত হন। ঘটনার পর মতিঝিল থানায় মামলা হয়। পরবর্তীতে সিআইডির তদন্ত এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর অধিকতর তদন্তের ভিত্তিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আরও অনেককে আসামি করা হয়।
২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন এবং আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়।






আপনার মতামত লিখুন