কাকরাইলে সহিংসতার ঘটনায় বিবৃতি দিল সেনাবাহিনী
রাজধানীর কাকরাইল এলাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাসহ সংঘর্ষের ঘটনায় বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (২৯ আগস্ট) রাত বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ বিবৃতি দেন সংস্থাটি।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, রাত ৮টার দিকে কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটে। এতে কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে পুলিশ ঘটনাস্থলে গেলেও পরে সংঘর্ষ বেড়ে যাওয়ায় সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়। সংঘর্ষ চলাকালে পুলিশ সদস্যদের ওপরও হামলা হয় এবং বেশ কয়েকজন আহত হন।
বিবৃতিতে বলা হয়, আইন-শৃঙ্খলা বাহিনী বারবার উভয় পক্ষকে শান্ত থাকতে এবং স্থান ত্যাগের আহ্বান জানালেও কিছু নেতাকর্মী তা অগ্রাহ্য করে। তারা মশাল মিছিল বের করে সহিংসতা বাড়ায়, ইটপাটকেল নিক্ষেপ করে এবং স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা চালায়। ফলে বিজয়নগর, নয়াপল্টনসহ আশপাশের এলাকায় জনদুর্ভোগ বেড়ে যায়। শেষ পর্যন্ত জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগে বাধ্য হয়।
এ ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সংস্থাটি। বিবৃতিতে আরও বলা হয়, মব ভায়োলেন্সের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে এবং সেনাবাহিনীও একই অবস্থানে রয়েছে। শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগে বিকেলে বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সন্ধ্যার পর উত্তেজনা বাড়তে থাকলে ঘটনাস্থল রণক্ষেত্রে পরিণত হয়, যা নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ।
সংঘর্ষে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অন্তত আটজন। আহতদের মধ্যে রয়েছেন—সাধারণ সম্পাদক রাশেদ খান (৩২), হাসান তারেক (২৮), ফারজানা কিবরিয়া (৩০), মইনুল ইসলাম (৩৫), মেহবুবা ইসলাম (৩০), আবু বক্কর (৩০), তারেক আজাদ (২৫) এবং পুলিশ ইন্সপেক্টর আনিছুর রহমান (৪২)। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।






আপনার মতামত লিখুন