ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে: উপদেষ্টা আসিফ মাহমুদ
স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক দলগুলো ও ঐক্যমত কমিশনের বৈঠকে জুলাই সনদ নিয়ে ঐকমত্য হলে অন্তর্বর্তীকালীন সরকার আরও দৃঢ়ভাবে নির্বাচনের দিকে এগোতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (২০ আগস্ট) বিকেলে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-সংলগ্ন শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ৫ আগস্টের পর অনেক কট্টর আওয়ামীপন্থি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পালিয়ে যাওয়ায় জনগণ নিয়মিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জন্ম নিবন্ধন, এনআইডি থেকে শুরু করে স্থানীয় সরকার সেবার ওপর মানুষের নির্ভরশীলতা থাকলেও রাজনৈতিক ঐকমত্য না হওয়ায় নির্বাচন আগেই দেওয়া সম্ভব হয়নি। ফলে কাঠামোগত সংকট তৈরি হয়েছে। অনেক জায়গায় সরকারি কর্মকর্তাদের একাধিক দায়িত্ব পালন করতে হচ্ছে, যা কার্যক্রমে জটিলতা তৈরি করছে।
আসিফ মাহমুদ আরও জানান, আঞ্চলিক বৈষম্য দূর করতে স্থানীয় সরকার থেকে ইতোমধ্যে ২৯টি উন্নয়ন প্রকল্প সংশোধন করা হয়েছে। তবে এক দিনে এসব সমস্যা সমাধান সম্ভব নয়, ধাপে ধাপে এর উন্নতি হবে।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, “শহীদ আবু সাঈদ শুধু একজন মানুষ নন, তিনি একটি আদর্শের নাম। তাঁর আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইনডোর-আউটডোর স্টেডিয়াম নির্মাণ ও পরিবহন সংকট নিরসনে বাস প্রদানের দাবি জানান।
এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়ন ও কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের সংযোগকারী তিস্তা নদীর ওপর নির্মিত ১,৪৯০ মিটার দীর্ঘ ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করেন।






আপনার মতামত লিখুন