রাজধানীতে ভোরের ঝুম বৃষ্টি, দুই ঘণ্টায় রেকর্ড ৫২ মিলিমিটার
সাতসকালে ঝুম বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৬টা থেকে অল্প অল্প বৃষ্টি শুরু হলেও ৭টার দিকে নেমে আসে ভারি বর্ষণ। এতে কর্মজীবী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন।
সময় সংবাদের প্রতিবেদকরা জানিয়েছেন, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটরসহ বিভিন্ন এলাকায় সকাল ৯টার পর বৃষ্টি থেমে গেলেও সড়কে পানি জমে থাকে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এবং নগরবাসীর দুর্ভোগ বেড়ে যায়।
আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৭টা থেকে ৯টার মধ্যে রাজধানীতে ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
এদিকে, আগামী সোমবার (১৮ আগস্ট) মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর ফলে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।






আপনার মতামত লিখুন