পেছাল টাইফয়েড টিকাদান কর্মসূচি, নিবন্ধন করবেন যেভাবে
সারাদেশে শিশু-কিশোরদের জন্য আয়োজিত টাইফয়েড টিকাদান কর্মসূচির সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। স্বাস্থ্য সহকারীদের চলমান আন্দোলনের কারণে ১ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি শুরু হবে আগামী ১২ অক্টোবর থেকে।
শনিবার (১৬ আগস্ট) জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) ব্যবস্থাপক আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “আন্দোলনের কারণে প্রস্তুতি ব্যাহত হয়েছিল। এখন আন্দোলন স্থগিত হওয়ায় নতুন তারিখ চূড়ান্ত করা হয়েছে। রোববার এ বিষয়ে সব স্বাস্থ্যকর্মীকে চিঠি পাঠানো হবে।”
নতুন পরিকল্পনা অনুযায়ী, সারা দেশে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৫ কোটি শিশু ও কিশোর-কিশোরী বিনামূল্যে টিকা পাবে। কর্মসূচি মোট ১৮ কার্যদিবস চলবে। প্রথম ১০ দিন শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ক্যাম্পে এবং পরবর্তী ৮ দিন বিভিন্ন টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে।
এই টিকা এক ডোজের ইনজেকশনে দেওয়া হবে, যা ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে। ভারতের তৈরি এই টিকা গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্স সরবরাহ করেছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ড অনুযায়ী পরীক্ষিত।
রেজিস্ট্রেশনের জন্য অভিভাবকদের vaxepi.gov.bd/registration/tcv ওয়েবসাইটে প্রবেশ করে জন্মতারিখ, জন্ম নিবন্ধন নম্বর, লিঙ্গ এবং অন্যান্য তথ্য পূরণ করতে হবে। এরপর মোবাইলে প্রাপ্ত ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। নির্ধারিত দিনে টিকা গ্রহণের জন্য অনলাইন থেকে প্রিন্ট করা ভ্যাকসিন কার্ড সঙ্গে আনতে হবে। টিকা গ্রহণ শেষে সার্টিফিকেটও অনলাইনে পাওয়া যাবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, টাইফয়েড হলো স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, যা দূষিত খাবার বা পানি গ্রহণের মাধ্যমে হয়ে থাকে। এ রোগের প্রধান উপসর্গ হলো দীর্ঘস্থায়ী জ্বর, মাথাব্যথা, বমিভাব, ক্ষুধামন্দা ও হজমের সমস্যা। অবহেলায় রোগটি জটিল আকার ধারণ করতে পারে। প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৯০ লাখ মানুষ এ রোগে আক্রান্ত হয় এবং এক লাখের বেশি মানুষের মৃত্যু ঘটে।






আপনার মতামত লিখুন