দেশে ফিরেই মেয়েকে প্রথম কোলে নেন বাহার
আড়াই বছর পর প্রবাস থেকে দেশে ফিরেছিলেন বাহার উদ্দিন। প্রথমবারের মতো কোলে নিয়েছিলেন দুই বছর বয়সী মেয়ে মীম আক্তারকে। অথচ সেই প্রথম কোলে নেয়াই হয়ে উঠল শেষ। এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিজের আদরের মেয়েসহ পরিবারের সাতজন সদস্যকে হারালেন তিনি।
বাহার উদ্দিনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে। আড়াই বছর আগে স্ত্রীকে সন্তানসম্ভবা অবস্থায় রেখে তিনি ওমান যান চাকরির জন্য। সেখান থেকে নিয়মিত ভিডিও কলে মেয়ের খোঁজ রাখতেন। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে দেশে ফেরেন তিনি। বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাসে করে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি ফেরার পথে ঘটে দুর্ঘটনাটি।
বুধবার (৬ আগস্ট) ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার সংলগ্ন লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের পাশে একটি গভীর খালে পড়ে মাইক্রোবাসটি। চালক রাসেলের ঘুমিয়ে পড়ার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রায় ৩০ মিটার গভীর খালে পড়লেও গাড়িটি সঙ্গে সঙ্গে ডুবে যায়নি। কিন্তু চালক দ্রুত দরজার কাচ নামিয়ে পালিয়ে গেলেও, ভেতরে থাকা যাত্রীদের উদ্ধারে কোনো চেষ্টা করেননি।
বাহার উদ্দিন জানান, গাড়ির দরজা খুলে দেওয়ার জন্য চালককে অনুরোধ করা হলেও তিনি অগ্রাহ্য করেন। পরে কষ্টে বেরিয়ে আসেন বাহার, তার বাবা আব্দুর রহিম, শ্বশুর ইস্কান্দার মীর্জা, ভাবি সুইটি আক্তার ও শ্যালক রিয়াজ হোসেন। কিন্তু বের হতে পারেননি মেয়ে মীমসহ সাতজন, যারা ঘটনাস্থলেই প্রাণ হারান।






আপনার মতামত লিখুন