জুলাই ঘোষণাপত্রে শহিদ পরিবারের স্বীকৃতি না থাকায় হতাশ জামায়াত
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাঠ করা ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে হতাশা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডা. মোহাম্মদ তাহের জানান, ঘোষণাপত্রে বাস্তবায়নের নির্দিষ্ট সময়সূচি এবং শহিদ ও আহতদের স্বীকৃতি না থাকায় জনগণ হতাশ।
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় ঘোষণাপত্র পাঠের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. তাহের বলেন, “আমরা এই ঘোষণাপত্রে হতাশ। জাতিও হতাশ। ঘোষণাপত্রে যে প্রতিশ্রুতিগুলো ছিল, সেগুলোর বাস্তবায়ন কবে থেকে শুরু হবে, তা স্পষ্ট নয়।”
তিনি বলেন,“আমরা আশা করেছিলাম, ৫ আগস্ট থেকেই বাস্তবায়ন শুরু হবে। কিন্তু ঘোষণাপত্রে সে বিষয়ে কোনো পরিষ্কার নির্দেশনা নেই। শহিদ পরিবার ও পঙ্গুদের জন্য কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি বা ভাতা সংক্রান্ত কথা নেই।”
জামায়াত নেতা জানান, দলটি বিষয়টি নিয়ে একটি নির্বাহী বৈঠক ডেকেছে এবং পরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।
এদিকে ঘোষণাপত্রে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, “বাংলাদেশের জনগণ অভিপ্রায় ব্যক্ত করছে যে, ছাত্র-গণঅভ্যুত্থান ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে।”
তিনি আরও জানান, ঘোষণাপত্রটি ৫ আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বিজয়ী জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবেই রচিত হয়েছে।






আপনার মতামত লিখুন