আপত্তিকর ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি, গৃহবধূর আত্মহত্যা
পিরোজপুরের স্বরূপকাঠিতে মোসা. আইমিন (২৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে তার বাবার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পেছনে পরকীয়া ও আপত্তিকর ভিডিও ঘিরে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন রোববার (৩ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দশ বছর আগে স্বরূপকাঠি উপজেলার বিন্না গ্রামের রাজু মাঝির সঙ্গে আইমিনের বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। রাজুর অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রী আইমিন পরকীয়ায় জড়িত ছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠকও হয়।
পরে রাজু পরিবার নিয়ে ঢাকার কালীগঞ্জে চলে যান। কিন্তু সেখানে গিয়েও আইমিনের পরকীয়া চলতে থাকে। রাজুর দাবি, আপত্তিকর ভিডিও দেখিয়ে একদল যুবক তাকে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।
সম্প্রতি কর্মস্থলে থাকাকালীন, আইমিনকে ঘরে এক যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে এলাকাবাসী তাদের আটক করে। পরে রাজু স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। শনিবার রাজু তার শ্বশুরবাড়িতে বিষয়টি জানালে, শাশুড়ি আইমিনকে থাপ্পড় মারেন। এরপর সবাই বাড়ি থেকে বের হয়ে গেলে আইমিন ঘরের আঁড়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে দাবি করা হয়।
আইমিনের মা জানান, মেয়ের সংসারে শুরু থেকেই কলহ চলছিল। মেয়ের মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত করে বের করার দাবি জানান তিনি।
এ বিষয়ে ওসি বনি আমিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।






আপনার মতামত লিখুন