শাহবাগে ছাত্রদলের সমাবেশ রবিবার
আগামীকাল (রবিবার) শাহবাগে ‘জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে’ সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। যদিও সমাবেশস্থলে গত দুই দিন ধরে অবস্থান করা “জুলাই যোদ্ধা সংসদ”-কে শুক্রবার সন্ধ্যায় পুলিশ সরিয়ে দেয়, ছাত্রদলের পক্ষ থেকে আগেই আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছিল।
শুক্রবার বিকেলে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন,
“সেখানে যেন কোনো অপ্রীতিকর কিছু না ঘটে, সে দায়িত্ব সরকারের এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর। আমরা আমাদের মঞ্চ তৈরির কাজ শুরু করব। সন্ধ্যার মধ্যে যেন তাদের সরানো হয়—এটাই প্রত্যাশা। ষড়যন্ত্র থাকলে সেটা সরকার দেখবে।”
শাহবাগে উপস্থিত ‘জুলাই যোদ্ধা সংসদ’ সদস্যদের সংখ্যা খুবই সীমিত বলে উল্লেখ করে রাকিব বলেন,
“ওখানে খুবই সামান্যসংখ্যক লোককে দেখেছি। সরকার চাইলে সহজেই সরিয়ে দিতে পারে।”
প্রথমে সমাবেশের স্থান হিসেবে জাতীয় শহীদ মিনার নির্ধারণ করা হলেও পরবর্তীতে তা শাহবাগে স্থানান্তর করা হয়। এই সমাবেশকে কেন্দ্র করে ছাত্রদল ছয় দফা নির্দেশনা দিয়েছে:
ছাত্রদলের ছয় দফা নির্দেশনা: ১.কোনো ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড নিয়ে আসা যাবে না। ২.সমাবেশে নির্ধারিত জায়গায় প্রতিটি ইউনিটকে অবস্থান করতে হবে। ৩.জরুরি সেবার অ্যাম্বুল্যান্স বা যানবাহনের চলাচলে সহযোগিতা করতে হবে। ৪.ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ইউনিটের গাড়ি ঢোকানো যাবে না। ৫.ব্যক্তিগত শোডাউন ও মিছিল নিষিদ্ধ। ৬.সমাবেশ শেষে নির্ধারিত স্থান পরিষ্কার করে চলে যেতে হবে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।






আপনার মতামত লিখুন