আমাদের সমর্থকরা এখন ইসরায়েলকে ঘৃণা করছে
গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে ইসরায়েলবিরোধী মনোভাব যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সমর্থকদের মধ্যেও বাড়ছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক ইহুদি দাতার সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমাদের অনেক সমর্থক এখন ইসরায়েলকে ঘৃণা করা শুরু করেছে।”
বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। তবে ওই ইহুদি দাতার নাম প্রকাশ করা হয়নি, যিনি ট্রাম্পের রাজনৈতিক তহবিলে আর্থিক সহায়তা দিয়ে থাকেন।
মধ্যপ্রাচ্য বিষয়ক এক বিশেষজ্ঞ পত্রিকাটিকে জানান, ট্রাম্পের সমর্থকদের মধ্যে এখন ইসরায়েল ও ইহুদিবিরোধী এক শক্তিশালী মনোভাব গড়ে উঠছে, যা মার্কিন প্রশাসনের নজরেও এসেছে।
গাজায় দখলদার ইসরায়েলের অবরোধে শিশুদের অপুষ্টি, খাদ্য সংকট এবং মৃত্যুর ছবিগুলো সম্প্রতি বিশ্ব মিডিয়ায় প্রকাশের পর বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এই পরিস্থিতিকে “গণহত্যা” বলে অভিহিত করেছেন রিপাবলিকান নেত্রী ও ট্রাম্পের ঘনিষ্ঠ মেজোরি টেইলর গ্রিন।
এদিকে ইসরায়েলের যুদ্ধাপরাধ ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভূমিকা নিয়ে ট্রাম্প শিবিরে অস্বস্তি বাড়ছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যকার সম্পর্ক এখন উত্তপ্ত, যদিও ইসরায়েলে নিযুক্ত মার্কিন দূত মাইক হুকাবে এ ধরনের খবর অস্বীকার করেছেন।
বিশ্লেষকদের মতে, গাজা সংকট রিপাবলিকান পার্টির অভ্যন্তরে একটি নৈতিক দ্বন্দ্ব তৈরি করেছে, যার প্রভাব আগামী মার্কিন নির্বাচনে পড়ার আশঙ্কা রয়েছে।






আপনার মতামত লিখুন