খালেদা জিয়ার কণ্ঠ নকল করে প্রতারণা
জব্দ ৫ কোটি টাকা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠস্বর নকল করে এবং তার লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মোতাল্লেস হোসেন ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আদালতের আদেশ অনুযায়ী এসব ব্যাংক হিসাবে থাকা মোট ৫ কোটি ৩ লাখ ৩ হাজার ৭৮২ টাকা অস্থায়ীভাবে জব্দ করা হয়েছে। তদন্তে জানা গেছে, মোতাল্লেস হোসেন এবং তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট বিশ্লেষণে পাওয়া গেছে প্রায় ২৬.৮৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেন। এই অর্থের উৎস ও ব্যবহারের সঙ্গে অর্থপাচার এবং অবৈধ সম্পদের সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
সিআইডি আরও জানিয়েছে, শুধু আর্থিক লেনদেন নয়—মোতাল্লেস হোসেনের স্থাবর সম্পত্তি ও অন্যান্য আর্থিক কার্যক্রম পর্যবেক্ষণও চলছে। এছাড়া, যেসব ব্যক্তি প্রতারণার শিকার হয়েছেন, তাদের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে এবং ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এই ঘটনায় সিআইডি ইতোমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ও ব্যাংক রিপোর্ট জব্দ করেছে, যা তদন্তকে আরও গভীরে নিতে সহায়তা করছে।






আপনার মতামত লিখুন